পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। পাশাপাশি দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট এবং একটি ভিলা জব্দের আদেশ দিয়েছেন আদালত। তবে কোন প্রক্রিয়ায় এসব জব্দ করা হবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
নাফিজ পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান তিনি। ঋণ কেলেঙ্কারিতে ডুবতে বসা ফারমার্স ব্যাংকের মালিকানা নাফিজের হাতে আসার পর ২০১৯ সালে এটি নাম বদলে পদ্মা ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে।
ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত বছরের জানুয়ারি মাসে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাফিজ সরাফাতকেও আর প্রকাশ্যে দেখা যায়নি।
এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত নাফিজ সরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮ টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছিলেন। ফ্ল্যাট বাদে নাফিজ সরাফাত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি, প্লটও ক্রোকের আদেশ দেয়া হয়।
ক্রোক করা সম্পদের মধ্যে নাফিজ সারাফাতের নামে গুলশানের ২০ তলা বিশিষ্ট একটি বাড়ি, গুলশানের একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজারের চারটি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জের দুইটি প্লট, বাড্ডার কাঠালদিয়ার আড়াই কাটা, গাজীপুরের কালিয়াকৈরের দুই ১০ কাঠা করে ২০ কাঠা, গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ জমি, নিকুঞ্জরের জোয়ার সাহারায় ৪ দশমিক ৯৫ শতাংশ জমি, নারায়নগঞ্জের রুপগঞ্জের রাজউক পূর্বাচল প্লটে সাড়ে ৭ কাঠা জমি রয়েছে।
আঞ্জুমান আরা শহিদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়িসহ জমি, পান্থপথে একটি, গুলশান লিংক রোডে একটি, মিরপুর ডিওএইচএস এ একটি, শাহজাদপুরে একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডার কাঠালদিয়া আড়াই কাঠা নাল জমি ও গাজীপুর সদরে ৮.২৫ শতাংশ চালা জমি রয়েছে। রাহিব সাফওয়ান সারাফাতের নামে বনানীতে থাকা তিনটি ও বারিধারায় থাকা চারটি ফ্ল্যাটও ক্রোক করা হয়েছে।